মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
কক্সবাজার প্রতিবেদক :: কক্সবাজারে আরও চার ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকালে কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবের রিপোর্টে এই চার জনের করোনা পজিটিভ বলে জানা যায়।
তাদের মধ্যে মহেশখালীর তিন জন এবং টেকনাফের একজন রয়েছেন। কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ৭৩ জনের সংগৃহীত নমুনার মধ্য থেকে ৬৩ জনের ফলাফল পাওয়া গেছে।
এর আগে করোনা শনাক্ত কক্সবাজারের প্রথম রোগী ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ৫ এপ্রিল বাড়িতে ফিরে গেছেন। তিনিসহ কক্সবাজার জেলায় মোট পাঁচ জনের করোনা ধরা পড়লো।
উল্লেখ্য, এ পর্যন্ত কক্সবাজার মেডিক্যাল কলেজে স্থাপিত আইইডিসিআর ল্যাবে ৪০৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে নাইক্ষ্যংছড়ির এক জনসহ পাঁচ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
এই ল্যাবে দিনে ৯৫ জনের করোনা পরীক্ষা সম্ভব। উপজেলা ফ্লু কর্নার থেকে নমুনা সংগ্রহ করে এখানে পাঠানো হয়।