মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরে আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ফরিদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চারজনে।
জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে পাওয়া রিপোর্টে দুইজনের করোনা পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্তরা হলেন, নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউপির ডাঙ্গি গ্রামের এক মেয়ে ও বোয়ালমারীর গুনবহা ইউপির চন্দনি গ্রামের একজন ছেলে।
তাদের মধ্যে ডাঙ্গি গ্রামের ওই মেয়ের বাবার নমুনা পরীক্ষা শেষে গত ১৩ এপ্রিল করোনা ধরা পরে। ওইদিন ডাঙ্গি ইউপির আরো একজনের করোনা পজিটিভ আসায় রাতেই নগরকান্দা উপজেলা লকডাউন করা হয়।
ওই মেয়ের বাবা নারায়ণগঞ্জ থেকে এসে করোনায় আক্রান্ত হন। বাবাকে ঢাকায় পাঠানোর পাশাপাশি এবং মেয়েকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
অপরদিকে চন্দনি গ্রামের আক্রান্ত ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত ফরিদপুরে ১২৪ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৮৩ জনের রিপোর্টে চারজনের করোনা শনাক্ত হয়েছে।