মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে শহিদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ সময় তার বন্ধু মঈন উদ্দিন (৩২) গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল (১৬ এপ্রিল) রাতে উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মন্ত্রীর গানম্যান কিশোর কুমার (৩৫) কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ কুমারের ছেলে।
এছাড়া নিহত শহিদ কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার এর সত্যতা নিশ্চিত করে বলেন, মন্ত্রীর গানম্যান কিশোর কুমার ও হতাহতরা বন্ধুত্বের সূত্র ধরে নেশা করতো এবং এলাকায় প্রায়ই আড্ডা দিত।
বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া এলাকার স্থানীয় লায়ন হাবিবের একটি পতিত জমিতে বসে তারা আড্ডা দিচ্ছিলো। এ সময় নেশাগ্রস্ত হয়ে বা পূর্ব পরিকল্পিত অনুযায়ী কোনও বিষয় নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়ে থাকতে পারে। এর জেরে গানম্যান কিশোর কুমার তার কাছে থাকা পিস্তল দিয়ে বন্ধু শহিদ ও মঈনকে গুলি করেন। এতে শহিদ বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং মঈনের পেটের এক পাশে গুলি লাগে। এলাকাবাসী গুলির শব্দ পেয়ে ছুটে আসলে কিশোর কুমার দৌড়ে পালিয়ে যান।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আহত মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত শহিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মন্ত্রীর গানম্যান কিশোর কুমার ঘটনার পর থেকে পলাতক। ঘটনার তদন্ত চলছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত হয়ে বা পূর্ব পরিকল্পিতভাবে ওই যুবককে হত্যা করে থাকতে পারে।
জানা গেছে, মন্ত্রীর গানম্যান কিশোর ও হতাহতরা পরস্পর বন্ধু। প্রায়ই তারা এলাকায় আড্ডা দিতেন এবং নেশা করে বেড়াতেন।