রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরবন্দী নিম্নবিত্তদের পাশাপাশি এবার নিম্ন মধ্যবিত্তদেরও খাদ্য সহায়তার আওতায় আনা হবে।
শুক্রবার সকালে এ ঘোষণা দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। এ জন্য কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।
চট্টগ্রামের এডিসি (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরবন্দী ৪২ হাজার নিম্নবিত্ত পরিবারকে এরইমধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। শিগগিরই আরো ২৫ হাজার পরিবার সহায়তা পাবে।
তিনি আরো বলেন, কর্মহীন হয়ে পড়েছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষও। নিম্নবিত্তদের পাশাপাশি এবার তাদেরও খাদ্য সহায়তার আওতায় আনা হচ্ছে।
উপজেলাও সিটি কর্পোরেশন পর্যায়ে তাদের তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী সহায়তা পৌঁছে যাবে।
এডিসি কামাল হোসেন বলেন, নিম্ন মধ্যবিত্তদের অনেকেই সরাসরি সহায়তা নিতে সংকোচবোধ করেন। তাই তাদের জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কন্ট্রোল রুমের হটলাইন (০১৮২১-৬৫০৯৫৩, ০৩১-৬১১৫৪৫) নম্বরে কল করলে আমরা পরিচয় গোপন রেখেই তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেবো।
এ সময় জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।