শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি :: লেবু খেলে করোনা ভাইরাস থেকে কিছুটা হলেও মুক্তি মেলে- এমন খবরে বিয়ানীবাজার পৌরশহরসহ আশপাশের হাটবাজারে লেবুর দাম বেড়ে গেছে।
যে লেবু ৫ টাকায় মিলতো, সেই লেবুর দাম এখন ১৫-৩০ টাকা। শুধু তাই নয়, বাজারে লেবুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, লেবুতে ভিটামিন সি রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণে ভিটামিন সি অনেক উপকারি হওয়ায় চিকিৎসকরা মানুষকে লেবু খাওয়ার পরামর্শ দিচ্ছেন। আর তাই বাজারে লেবুর চাহিদা কিছুটা বেড়ে গেছে।
অন্যদিকে, পাইকারি পর্যায়ে দাম বেশি দিয়ে লেবু কিনতে হয় বলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
বাজারে চাহিদা বাড়ায় লেবুর দামও কিছুটা বেড়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী।
তিনি, কাঁচাবাজারের দাম বৃদ্ধির বিষয়টি কখনো ক্রেতাদের চাহিদার ওপর নির্ভর করে। এসময় তিনি সবাইকে কোন ধরনের শোনা কথার গুজবে কান দেয়ার আহ্বান জানান।
এদিকে, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেইজ ও গ্রুপে পোস্ট হচ্ছে, রং চায়ের সঙ্গে আদা, লেবু মিশিয়ে খেলে করোনা ভাইরাস থেকে মুক্তি মেলে। এমন খবরে বাজারেও লেবু দাম কিছুটা বেড়েছে বলেও জানান অনেক ব্যবসায়ী।
অবশ্য চিকিৎসকরা বলছেন, একটি মাঝারি আকৃতির লেবু থেকে চল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি বা এসকরবিক এসিড পাওয়া যা একজন মানুষের দৈনিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট। ভিটামিন ‘সি’ দেহের রোগ প্রতিরোধকারী কোষগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। শরীরের কোনো অংশ কেটে গেলে বা ক্ষত হলে দ্রুতগতিতে কোলাজেন কোষ উপাদান তৈরি করে ক্ষত নিরাময়েও সাহায্য করে এই ভিটামিন ‘সি’।
লেবুতে পর্যাপ্ত পরিমাণ সাইট্রিক এসিড বিদ্যমান যা ক্যালসিয়াম নির্গমন হ্রাস করে পাথুরী রোগ প্রতিহত করতে পারে। লেবুর খোসার ভেতরের অংশে ‘রুটিন’ নামের বিশেষ ফ্ল্যাভানয়েড উপাদান আছে যা শিরা এবং রক্তজালিকার প্রাচীরকে যথেষ্ট শক্তিশালী এবং সুরক্ষা দেয়।
শনিবার (২৮ মার্চ) বিকেলে পৌর কিচেন মার্কেটসহ উপজেলার কয়েকটি হাটবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে ছোট ও মাঝারি দুই ধরনের লেবু পাওয়া যাচ্ছে।
এরমধ্যে ছোট লেবুর দাম প্রতিটি ১০-১৫ টাকা। মাঝারি ধরনের লেবুর দাম প্রতিটি ২৫-৩০ টাকা। এক ব্যবসায়ী জানান, লেবুর সরবরাহ কম। কয়েকদিন ধরে প্রচুর লেবুর চাহিদা। ছোট সাইজের প্রতিটি লেবু ১৫ টাকা ও মাঝারি লেবুর প্রতিটি ৩০ টাকায় টাকায় বিক্রি করতে হচ্ছে।
সাব্বির নামের এক ক্রেতা জানান, লেবুতে অনেক বেশি ভিটামিন সি রয়েছে, যা শরীরে রোগ প্রতিরোধে অনেক উপকারী। আর করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ভিটামিন সি গ্রহণ উপকারী- এমন কথা ডাক্তাররা বলছেন। লেবু কিনতে বাজারে এসে দেখি ছোট সাইজের লেবু যেগুলো বিক্রি হচ্ছে, সেগুলো এখনও পরিপক্ক হয়নি। অথচ এসব লেবু প্রতিটির দাম ১৫ টাকা। আর মাঝারি সাইজের লেবুর দাম তো আরো বেশি।