বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক :: করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দেয়ার ক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এখনো পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দরকার নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জাহিদ মালেক বলেন, পুরো বিশ্বে করোনাভাইরাস মহামারি আকারে ছড়ালেও তা নিয়ে বাংলাদেশের চিন্তার কেনো দরকার নেই। কারণ অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা এখনো অনেক ভালো।
চিকিৎসক ও নার্সদের পর্যাপ্ত পরিমাণে পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘সর্বপ্রথম চীনে যখন করোনাভাইরাস ধরা পড়েছিল তখন তাদের কাছে যথেষ্ট পিপিই ছিল না। তাই এই মুহূর্তে আমাদেরও পিপিই অতটা দরকার নেই।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের কার্যকর ব্যবস্থা নেয়ার কারণে দেশের অবস্থা এখনো ভালো রয়েছে। এই মুহূর্তে সারাদেশে প্রায় ১৮ হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনে আছেন।
তিনি বলেন, করোনো শনাক্তকরণে সরকারের কাছে এখন এক লাখ কিট হাতে আছে। তাই কিট বা সরঞ্জাম নেই, এ নিয়ে ভুল সংবাদ ছাপিয়ে জনগণকে আতঙ্কিত করা যাবে না।
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যথাযথভাবে নিতে পারলে ভয়ের কিছু নেই জানিয়ে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি হাসপাতালে আগামী এক সপ্তাহের মধ্যে করোনা পরীক্ষাগার স্থাপন করা হবে।