রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া :: বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে পড়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক পাড় হতে গিয়ে ব্রীজটি ভেঙ্গে পড়ে।
এ সময় ট্রাকটিসহ ব্রিজের অংশ ভেঙ্গে খালের মাঝে পড়ে যায় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চালক ও হেলপার অক্ষত রয়েছে।
জানা গেছে, দুর্ঘটনার শিকার ট্রাকটি পাথরবোঝাই করে বরিশালের দিক থেকে স্বরূপকাঠির দিকে যাচ্ছিলো। ট্রাকটি মাঝামাঝি স্থানে এসে পৌঁছালে ব্রিজটি বাঁকা হয়ে ভেঙ্গে যায় এবং ট্রাকটি ব্রিজসহ খালের মাঝ বরাবর পড়ে যাায়। ভাঙ্গা ব্রিজের একটি অংশ দিয়ে ঝুঁকি নিয়ে মানুষজন পারাপার হচ্ছে। স্থানীয়রা জানান, বরিশাল সদরের সাথে বানারীপাড়া ও পিরোজপুরের স্বরূপকাঠিসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগ স্থাপনের একমাত্র মাধ্যম মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজটি অতিগুরুত্বপূর্ণ এ সড়কে একটি পাকা ব্রিজ ছিলো যা সংস্কারের জন্য ভেঙ্গে নতুন করে করার উদ্যোগ নেয়া হয়েছিলো প্রায় এক যুগ পূর্বে । সেজন্য পাশে অস্থায়ীভাবে বেইলী ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘ বছরেও মূল ব্রিজ নির্মাণ না করায় ওই বেইলী ব্রিজ দিয়েই ঝুঁকি নিয়ে যান চলাচল করতো। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, ব্রিজের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পাথরবোঝাই করে ট্রাকটি পারাপারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে বরিশাল, বানারীপাড়া ও বাবুগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি। এদিকে বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের যান চলচলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। পাশাপাশি বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান জানান, আপাতত বেইলী ব্রিজটি সংস্কার করে দেওয়া হবে এবং শিগগিরই আধুনিক পাকা ব্রিজ নির্মাণ করা হবে।