মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
বার্তা পরিবেশক, বানারীপাড়া :: বানারীপাড়ায় এক সাইকেল চোরকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার(৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় পৌর শহরের ৪ নং ওয়ার্ডে চুরি করতে গিয়ে পালানোর সময় তাকে ধাওয়া করে স্থানীয় জনতা ধরে ফেলে। পরে থানায় খবর দিলে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। তার নাম সোহাগ শেখ(৩১)।
সে বরিশালের কোতয়ালী থানা এলাকার রসূলপুরের মৃত দাউদ আলী শেখের পুত্র। পুলিশ ও এলাকাবাসীর ধারণা সে পেশাদার চোর চক্রের সদস্য।
সে গত ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৮ টায় বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার সংলগ্ন নাজিরপুর সড়কের ২ নং ওয়ার্ডের ভাড়া বাসা থেকে একটি গিয়ারসহ দুরন্ত বাইসাইকেল চুরি করে নিয়ে যায়। সাইকেলটি বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মামুন আহমেদের ছেলে দুইবার জাতীয় শিশু পুরস্কারপ্রাপ্ত বানারীপাড়া সরকারি মডেল হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র কৌশিক আহমেদ রুদ্রের।
সাইকেল চুরির দৃশ্যটি সিসি ক্যামেরার ফুটেজে সনাক্ত করে থানায় অভিযোগ করা হয়। এর আগে ২ নং ওয়ার্ডের মোল্লাবাড়ির ভাড়াবাসায় বসবাসরত থানার সহকারি উপ-পরিদর্শক(এএসআই) ওয়াদুদের বাসা থেকে একই চোর জুতা চুরি করে যা সিসি ক্যামেরার ফুটেজে সনাক্ত করা হয়েছে। পরে বানারীপাড়া থানা পুলিশ বাদী হয়ে সোহাগ শেখের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন। ওইদিন বিকাল ৩টায় তাকে বরিশাল কোর্টে প্রেরণ করা হয়।