বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
অনলাইন নিউজ :: বরিশাল সাংবাদিক অধিকার সংরক্ষন পরিষদ’র আহবায়ক সিনিয়র সাংবাদিক মোঃ আসাদুজ্জামান (আসাদ) এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বরিশালে সাংবাদিকদের অধিকার আদায়ে ১১ দফা দাবীতে কর্মসুচী ঘোষনার ৭ দিন পরে পুরানো নিউজের কাটিং দিয়ে এ মামলা দায়ের করা হয়। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন নিজেকে সাংবাদিক ও ব্যবসায়ী দাবী করে মামলাটি দায়ের করেন।
পেশাদার সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার দাবী করে বিবৃতি দিয়েছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, প্রেস ক্লাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং দৈনিক আজকের পরিবর্তন ও কীর্তনখোলা পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করে বরিশালে কর্মরত সাংবাদিকদের ঐক্যমতে থাকার আহ্বান জানান ।
এছাড়াও মামলা প্রত্যাহার চেয়ে বিবৃতি দিয়েছেন, বরিশাল সাংবাদিক অধিকার সংরক্ষন পরিষদের যুগ্ম আহবায়ক ও কীর্তনখোলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং এস এ টিভি বরিশাল ব্যুরো চীফ সালেহ টিটু, বরিশাল নিউজি এডিটর কাউন্সিল এর সভাপতি ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার বরিশাল ব্যুরো চীফ হাসিবুল ইসলাম, সাধারন সম্পাদক ও দৈনিক আজকের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার রাকিব, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মামুন অর রশিদসহ বরিশাল থেকে প্রকাশিত ২০ টি দৈনিক পত্রিকার সম্পাদক- প্রকাশক ও কর্মরত সাংবাদিকবৃন্দ।
জানা যায়, মোঃ আসাদুজ্জামান দৈনিক আজকের পরিবর্তন, দৈনিক আজকের বার্তা, দৈনিক বরিশালের আজকাল, দৈনিক দখিনের মুখ পত্রিকাসহ বরিশালের একাধিক পত্রিকায় হেড অফ নিউজ হিসেবে সুনামের সাথে প্রায় ১৮ বছর যাবৎ দায়িত্ব পালন করেছেন।
তিনি বর্তমানে দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার হেড অফ নিউজ হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি বরিশালে ভুইফোড় সাংবাদিক ও নাম সর্বস্ব সাংবাদিকদের দৌরাত্য রুখে দিতে এবং পেশাদার সাংবাদিকদের অধিকার সংরক্ষনে ১১ দফা দাবীতে নানান কর্মসূচীর প্রস্তুতি নেন তিনি। এ লক্ষ্যে বরিশালের প্রায় ৩০টি পত্রিকার সম্পাদক প্রকাশক ও পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। ঐ কমিটির আহবায়ক নির্বাচিত করা হয় সিনিয়র সাংবাদিক মোঃ আসাদুজ্জামানকে ।
তিনি সাংবাদিকদের অধিকার সংরক্ষনে সকলকে নিয়ে বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহন করেন। এ সময়ে পুরোনো নিউজের কাটিং এবং ফেইজবুক আইডিতে অসাংবাদিকদের বিরুদ্ধে লেখা নিউজের কপি সংগ্রহ করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।