বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের মাতব্বরি চায় না আওয়ামী লীগ। এ জন্য সেদিকে নজর রাখতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে ক্ষমতাসীন দলটি।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।
বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষকরা যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলেন। এ জন্য সেদিকে নজর রাখতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে।
অনেক সময় দেখা যায়, নির্বাচনের সার্বিক পরিস্থিতির দিকে নজর না দিয়েই বিদেশি পর্যবেক্ষকরা বিভিন্ন মন্তব্য করে থাকেন। যা দেশের সার্বভৌমত্বের ওপর কটাক্ষ, যোগ করেন জনাব এইচ টি ইমাম।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান আরো বলেন, বিদেশি কূটনীতিকদের ব্যাপারে যে নিয়মনীতি আছে তা দেশের সব ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। রাষ্ট্রদূতদের অনেক সম্মান করা হয় ঠিক আছে। কিন্তু এর সুযোগ নিয়ে কেউ যেন অতিরিক্ত বাড়াবাড়ি না করেন।
এর আগে দুপুরে বিভিন্ন বিষয়কে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে জরুরি বৈঠকে বসেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দল।
বৈঠকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, কার্যনির্বাহী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবীর, সাবেক সাংসদ বাহাউদ্দিন নাছিম প্রমুখ।
নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহদাত হোসেন চৌধুরী।