সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
অনলাইন রিপোর্টর :: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ১০ বছরের উন্নয়ন অভিযাত্রায় পুলিশ বাহিনী যথাযথ ভূমিকা রেখেছে। তাদের প্রত্যেকটা পদক্ষেপেই অত্যন্ত দক্ষতা, সাহসিকতা এবং পেশাদারিত্ব আমরা দেখেছি। তাদের মাঝে গুণগত একটি পরিবর্তন এসেছে। তারা মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। আস্থা অর্জনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।
আজ (রোববার) সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা খাতে বরাদ্দকৃত অর্থকে আমরা ঠিক ব্যয় হিসেবে নিই না। আমরা মনে করি, জনগণের স্বার্থে,জনগণের কল্যাণে এটা আমাদের এক ধরনের বিনিয়োগ।
নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, নিরাপদ সড়ক সৃষ্টিতে হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে। একদিকে যেমন জনসচেতনতা সৃষ্টি করতে হবে, অপর দিকে সড়কে নিরাপত্তা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে পুলিশ বাহিনী যথেষ্ট সুশৃঙ্খল ভূমিকা রাখছে।
পুলিশবাহিনীর আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সরকার প্রধান বলেন, সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ, বাংলাদেশ থেকে আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি দূর করবো। আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং এ বিষয়ে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা চাই দেশটা এগিয়ে যাবে। আজ দেশে-বিদেশী বিনিয়োগ আসছে। এই বিনিয়োগ যেন কোনমতে ব্যাহত না হয়, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
এর আগে, সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এরপর রাজারবাগ পুলিশ লাইন্সে স্থাপিত বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির স্টল পরিদর্শন এবং পুলিশ সদস্যদের সঙ্গে কল্যাণ প্যারেডে অংশগ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য চারটি ক্যাটাগরিতে ১১৮ জনকে পদক দেয়া হয়। এরমধ্যে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৪ জনকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ২০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জনকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সেবা’ এবং ৫৬ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)- সেবা’ প্রদান করা হয়।
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্য নিয়ে পাঁচ দিনের পুলিশ সপ্তাহ-২০২০ পালন করা হচ্ছে, যা চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।