মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন রিপোর্টর :: এবার ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজের সোশ্যাল ওয়ালে মতপ্রকাশ করে কার্যত শোরগোল ফেলে দিয়েছেন এই অভিনেত্রী।
তিনি লিখেছেন, ‘‘জাত গেল জাত গেল বলে, একি আজব কারখানা’- মুখ খুললেই জাত যায়। আমারও গেল। আমার খোদা যে হিন্দুর হরি, এই শুনে বাঁচতে শিখেছি, তাই ২০২০-এও এটাই মেনে চলব। নতুন পাঠ পড়তে পারব না। আদাব/নমস্কার।” সোশ্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে নিজের মতবাদ প্রকাশের সঙ্গে রাজনৈতিক মতাদর্শকেও স্পষ্ট করেন স্বস্তিকা। সেই স্ট্যাটাস এখন ভাইরাল। পাশাপাশি তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনা। নেটিজেনদের একাংশ জোরদার কটাক্ষ করেছে তাকে। যদিও কটাক্ষ বা সমালোচনা, কোনো কিছুকেই গায়ে মাখেননি অভিনেত্রী। তবে তার ওই স্ট্যাটাসের জন্য কেউ কেউ প্রশংসাও করছেন অভিনেত্রীর।
সঙ্গী বদল!
বরফের দেশ সুইজারল্যান্ডে গিয়ে নতুন বছর পালন করলেন বলিউডের একঝাঁক তারকা। সাইফ আলি খান, কারিনা কাপুর খান থেকে শুরু করে বিরাট কোহলি, আনুশকা শর্মা, বারুণ ধাওয়ান, নাতাশা দালাল- সুইজারল্যান্ডে বসে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানান তারা।
ক্রিসমাস পার্টি সেরে সুইজারল্যান্ডে পাড়ি দেন সাইফ-কারিনা। প্রতি বছরের মতো এবারো সেখানে নতুন বছর উদযাপন করেন তারা। তাদের সঙ্গে হঠাৎই দেখা হয় লাভবার্ড বারুণ ধাওয়ান-নাতাশা দালালের।
এরপর তাদের সঙ্গে যোগ দেন বিরাট-অনুশকা। একসঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেন। মজার ব্যাপার হলো- সেই ছবিতে সঙ্গী বদল করেছেন তারা। মানে হলো- কারিনা তার স্বামী সাইফ আলি খানের পাশে না বসে ক্যামেরায় ধরা পড়েছেন বিরাট কোহলির সঙ্গে। আর আনুশকাকে দেখা গেছে সাইফের পাশে। ছবিটি দেখে মজার ছলে কেউ কেউ বলছেন- পার্টিতে বউ বদল করে ফুর্তিতে মেতেছেন তারা।
অস্কারের দৌড়ে ‘দ্য লাস্ট কালার’
কিছুদিন বাদেই বসতে চলেছে অস্কার পুরস্কারের আসর। তার জন্য বর্তমানে চলছে সেরা ছবি বাছাইয়ের কাজ। এই দৌড়ে আশা জাগিয়েও কিছুদিন আগে ছিটকে গেছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত বলিউড ছবি ‘গলি বয়’।
এবার নতুন আশা জাগাচ্ছে ‘দ্য লাস্ট কালার’। বারানসির প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন নীনা গুপ্তা। পরিচালক বিকাশ খান্না। সেলিব্রেটি শেফ বিকাশের প্রথম ছবি এটি। অস্কারে সেরা ছবির তালিকায় ‘দ্য লাস্ট কালার’-এর মনোনীত হওয়ার খবর বিকাশই নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন।
তার কিছুক্ষণ পর বিকাশের দেওয়া খবর টুইটারে রিপোস্ট করেন অভিনেত্রী নীনা গুপ্তা। সঙ্গে লেখেন, ‘এটা বিশ্বাস করা খুবই কঠিন। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ।’ তবে অস্কারের দৌড়ে শেষ পর্যন্ত ‘দ্য লাস্ট কালার’ টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ছবির উৎকর্ষ শুধু নয়, রয়েছে টেকনিক্যাল প্রশ্নও। সেরা বাছাইয়ে চূড়ান্ত পর্যায়ে অস্কারে বিবেচিত হতে হলে কোনো ছবি মুক্তি পেতে হবে মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এবং পরপর সাত দিন তা চলতেও হবে প্রেক্ষাগৃহে।
ঢাকা প্লাটুনের ফ্ল্যাশমবে কিবরিয়া
চলছে বিপিএল উন্মাদনা। সেই আমেজ আরও একটু রঙিন করতে বিপিএল-এর দল ঢাকা প্লাটুন তৈরি করেছে দারুণ একটি থিম সং। ‘মাঠ কাঁপাবে ঢাকা’ শিরোনামের এই থিম সংয়ের ফ্ল্যাশমব কোরিওগ্রাফি করেছেন মেধাবী তরুণ কোরিওগ্রাফার কিবরিয়া চঞ্চল। নাচে অংশ নিয়েছে তারই নাচের দল ‘কিবরিয়া ড্যান্স ওয়ার্ল্ড’-এর শিল্পীরা। থিম সংটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গেয়েছেন মুক্তাকি হাসিফ ও নেওয়াজ মাহতাব। ফ্ল্যাশমবটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে। এর জন্য দারুণ সাড়া পাচ্ছেন কিবরিয়া।
তিনি বলেন, ‘এখন থেকে এমন বড় বাজেটের ভালো কিছু কাজ করতে চাই। কারণ ব্যতিক্রমী কিছু উপহার না দিলে দর্শকের মনে জায়গা করা যায় না।’
এর আগে কিবরিয়া সিনেমা, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কোরিওগ্রাফি করেছেন। এরমধ্যে শাকিব খান-বিন্দু অভিনীত ‘এই তো প্রেম’ সিনেমায় হাবিব-ন্যান্সি জুটির গাওয়া ‘আমি তোমার মনের ভেতর’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়। জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শির ‘হৃদয় আমার’ গানের ভিডিওর কোরিওগ্রাফিও প্রশংসিত হয়। ভবিষ্যতে সিনেমার গানে নিয়মিত কোরিওগ্রাফি করার ইচ্ছা কিবরিয়া চঞ্চলের।