সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: প্রকাশিত রাজাকার তালিকার জন্য কোনো অর্থ বরাদ্দ চাওয়া হয়নি জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেছে, রাজাকার তালিকার জন্য পয়সা খরচের প্রশ্নই আসে না।
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বুধবারের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে কোনো কিছুই বলেননি।
বৃহস্পতিবার পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুফি আবদুল্লাহিল মারুফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ’ একটি অসত্য সংবাদ।
এতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে ‘রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দৃষ্টিগোচর হয়েছে।
মন্ত্রী বলেছেন, ‘এ তালিকা প্রণয়নের জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি বা বরাদ্দ চাওয়া হয়নি। কাজেই একটি পয়সাও খরচের প্রশ্নই আসে না। এটি একটি অসত্য তথ্য।’
এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
এ সংবাদ প্রকাশ ও প্রচারকারী কর্তৃপক্ষ সংবাদটি প্রত্যাহার করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে তার/তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত অপর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিজ দপ্তরে সংবাদ সম্মেলন হয়। এই সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় ১০০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এতে বলা হয়, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনটি সরকারিভাবে সংরক্ষিত আছে। ব্রিফিংকালে রাজাকারদের তালিকা তৈরির ব্যয় বিষয়ে মন্ত্রী কোনো কিছুই বলেননি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের সংবাদ প্রচার করেছে যা অনভিপ্রেত। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়।
এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।