সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দেওয়া হাই কোর্টের জামিন আদেশ আপিল বিভাগ স্থগিত করে দিয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুদকের করা এক আবেদনের ওপর শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিন আদেশ ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেন।
আপিল বিভাগে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
এর আগে, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ গত ৪ নভেম্বর লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন দেয়। পাশাপাশি রুল জারি করে।
হাই কোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে গত ৭ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে যায় দুদক। সেদিন চেম্বার আদালত দুদকের আবেদনে কোনো আদেশ না দিয়ে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে সোমবার শুনানির জন্য রাখে।