বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি :: ফরিদপুরের নগরকান্দায় নিজের ৮ বছরের মেয়ের মুখে বিষ তুলে দিয়ে নিজেও বিষ পানকারী সেই মা মারা গেছেন।শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, ‘এই ওষুধ খেলে শরীরে শক্তি বাড়বে’ বলে মেয়ে ফায়জা ইসলাম এর মুখে বিষ তুলে দেন মা মৌসুমী আজাদ (২৬)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, মৌসুমী আজাদের স্বামী লিটন মোল্যা একজন ব্যবসায়ী। ভবুকদিয়া বাসস্ট্যান্ডে তার হার্ডওয়্যারের দোকান রয়েছে। সাংসারিক বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্যের জের ধরে মেয়ে ফায়জাকে ভুল বুঝিয়ে বিষ পান করান মা মৌসুমী। পরে তিনি নিজেও ওই বিষ পান করেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন।
এদের মধ্যে মৌসুমী আজাদের অবস্থা গুরুতর ছিল। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
মৌসুমী আজাদের স্বামী লিটন মোল্যার চাচাতো ভাই বদরুজ্জামান তারা মোল্যা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে মৌসুমীর মৃত্যু হয়েছে। শিশু ফায়জা বর্তমানে সুস্থ আছে।