মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) সাবেক সভাপতি শ্রমিকনেতা মনজুরুল আহসান খান বলেছেন, হকারদের দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী তাদেরকে বসার নির্দেশনা দিয়েছেন। কিন্তু প্রশাসন প্রধানমন্ত্রীর নির্দেশনা না মেনে হকার উচ্ছেদ, দমন-পীড়ন-মামলা-হামলা-নির্যাতন করছে। রোববার সকাল ১১টায় সদরঘাট ভিআইপি গেটের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
মনজুরুল আহসান খান প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করায় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত হকার উচ্ছেদ করে কোনো সরকার টিকতে পারে নাই। আজ যদি হকার উচ্ছেদ করা হয় তাহলে এ সরকারও টিকতে পারবে না।
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ, হকার ব্যবস্থাপনার জাতীয় নীতিমালা প্রণয়ন এবং হকারদের ওপর দমন-পীড়ন-নির্যাতন, হামলা-মামলার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাশিম কবির। বক্তব্য রাখেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সংগঠনের কেন্দ্রীয় মো. জসিমউদ্দিন, জহিরুল ইসলাম, থানা আব্দুল কাইয়ূম, আনিছুর রহমান পাটোয়ারি ও ফিরোজ আলী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরে সকল জায়গায় হকার আছে পুরান ঢাকায়ও হকার থাকবে। আজ থেকে হকাররা নির্দেশনা অনুযায়ী বসবে প্রশাসন বাধা দিলে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, হকার বসা নিয়ে কোন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। কারণ হকাররা নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করেছে তারা কাজ করে খেতে চায়, পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চায়। বাঁচার অধিকারে আঘাত করলে তার পরিণাম ভয়াবহ হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সদরঘাট থেকে শুরু হয়ে কোতয়ালী থানা-ভিক্টোরিয়া পার্ক-ওয়াইজ ঘাট হয়ে ৪৩নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে শেষ হয়।